রাউল কাস্ত্রো ও তার পরিবারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৬

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও তার সন্তানদের ভিসা দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাস্ত্রোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার এক টুইটারবার্তায় এ ঘোষণা দেন। 

পম্পেও তার বার্তায় বলেন, কিউবার শাসকগোষ্ঠী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ নিয়ে তাদের জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। এর ফলশ্রুতিতেই কিউবা ও ভেনেজুয়েলার জনগণ গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

রাউল কাস্ত্রো ২০১৮ সালের এপ্রিলে মিগুয়েল ডিয়াজ ক্যানেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। কিন্তু এখনও তিনি কিউবার কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর প্রধান হিসেবে নিজের ক্ষমতা ধরে রেখেছেন। সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তার হাতেই ন্যাস্ত। 

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু কাস্ত্রোই নয়, তার চার সন্তানের বিরুদ্ধেও মার্কিন ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। 

ডোনাল্ড ট্রাম্পের সরকার সম্প্রতি কিউবার উপর নতুন কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে কিউবাতে কেউ রেমিটেন্স পাঠাতে পারবে না। কিউবার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিলতা। কিন্তু বিশেষভাবে কোন ব্যক্তি বা তার পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির এটাই প্রথম ঘটনা। 
তথ্যসূত্র: মিয়ামি হেরাল্ড। 

ইত্তেফাক/মিশু/এসআর