মাগুরার গৃহবধূকে বিদেশ পাঠানোর নামে ঢাকায় এনে গণধর্ষণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

বিদেশ পাঠানোর নাম করে মাগুরার এক গৃহবধূকে ঢাকার একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করেছে একটি চক্র। কৌশলে ঐ বাড়ি থেকে পালিয়ে গতকাল শুক্রবার মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঐ গৃহবধূ। তার অভিযোগের ভিত্তিতে মাগুরা থানা পুলিশ সদর উপজেলার আমুড়িয়া গ্রাম থেকে নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ।

মামলায় ঐ গৃহবধূর অভিযোগ, সংসারে অভাব-অনটন থাকায় বিভিন্ন জায়গায় কাজ খুঁজছিলেন তিনি। এরই এক পর্যায়ে সদর উপজেলার আমুড়িয়া গ্রামের নজরুল ইসলামের সঙ্গে পরিচয় হলে তিনি সৌদি আরবে লোক পাঠান বলে জানান। পরে পাসপোর্ট এবং ভিসা বাবদ তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন নজরুল। গত ১৩ আগস্ট ঐ ব্যক্তি পাসপোর্ট, ভিসা ও প্রশিক্ষণের জন্য লস্করপুর নানা বাড়ি থেকে তাকে ঢাকার দারুসসালাম থানার পাশে মোকাররমের বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে নজরুল, মোকাররম, আরজু শেখসহ আরো অজ্ঞাতনামা দুই জন তাকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকেন।  গত ১২ সেপ্টেম্বর ভোরে ঐ বাসা থেকে তিনি কৌশলে পালিয়ে গাবতলী হয়ে মাগুরায় ফিরে আসে।

মাগুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।