ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে কুড়িগ্রামে গিয়েছিলেন চালক মো. মোজাম্মেল (৩৫)। আনোয়ার সিমেন্টের চালান সেখানে নামিয়ে সহকারী মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে আবার ঢাকার পথ ধরেন। দীর্ঘ যাত্রায় ঝিমুনি ভাব চলে আসে মোজাম্মেলের। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নামিয়ে দেন খাদে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলেও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও পুলিশের সহায়তায় প্রাণে বেঁচে যান মোজাম্মেল ও মিজানুর। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চালক মোজাম্মেল ও সহকারী মিজানুরের পা ভেঙে গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটি খাদ থেকে তোলা সম্ভব হয়নি। উদ্ধার হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে মোজাম্মেল বলেন, একটানা ট্রাক চালিয়ে ক্লান্ত হয়ে তিনি একপর্যায়ে ঘুমিয়ে পড়েন, এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা হতে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ফায়ার সার্ভিস কর্মীগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের কেবিনে থাকা ড্রাইভার এবং হেলপারকে জীবিত উদ্ধার করে।
এদিকে তুরাগের কামারপাড়া এলাকায় বাসচাপায় শফিউদ্দিন মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে কামারপাড়া বাসস্ট্যান্ডে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভগ্নিপতি লিটন জানান, শফিউদ্দিনের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।
