যৌন হয়রানির অভিযোগ ‘ঢাকা কমার্স কলেজের অধ্যাপকের শাস্তি দাবি’ শিরোনামে গত ২৬ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মিরপুরে ঢাকা কমার্স কলেজের অধ্যাপক মো. সাইদুর রহমান। গতকাল শুক্রবার এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন—প্রকাশিত প্রতিবেদনের বক্তব্য মিথ্যা ও বানোয়াট। মহিলা পরিষদ থেকে কয়েকজন ব্যানার ও মাইক নিয়ে এসে কলেজের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানে কোনোরূপ সমাবেশ হয়নি। এতে আরো বলা হয়—‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ আমার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করছেন। বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় এ ধরনের সংবাদ প্রকাশ করা দুঃখজনক।
প্রতিবেদকের বক্তব্য: অধ্যাপক কর্তৃক কয়েকজন নারী সহকর্মীকে যৌন হয়রানির বিষয়টি নিয়ে সমাবেশের সংবাদটি বাংলাদেশ মহিলা পরিষদ প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই সংবাদটি প্রকাশিত হয়।
