নগরকান্দায় দুই বাস ও পিক-আপের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুইটি বাস ও একটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন যাত্রী। সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাস যাত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামের হাফিজুর রহমান বাদশা ও পিক-আপ ভ্যানের হেলপার ভাঙ্গা উপজেলার সদরদি গ্রামের আজিজুর রহমান মুন্সি। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহফুজার রহমান জানান, সোমবার দুপুরে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে লিভার ব্রাদার্সের একটি পিক-আপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি গাড়ী সেখানে আসলে ইগল পরিবহনের সঙ্গে ইমাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের এক যাত্রী ও পিক-আপ ভ্যানের হেলপার নিহত হয়। এ সময় আহত বাস দুইটির প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করে মোকসেদপুর উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।