যে কারণে তারা ক্যাসিনোতে...

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৭

  মুহা. তাজুল ইসলাম

 

পুলিশ ক্যাসিনোতে হানা দিয়েছে। ভিতরে থাকা ভদ্রলোকেরা দাবি করছেন যে, জুয়া খেলতে তারা কেউ ক্যাসিনোতে আসেননি। তাদের ক্যাসিনো আসার পিছনে এখন পর্যন্ত যেসব কারণ জানা গেছে, তা হলো—

 

v চৌধুরী সাহেব ছোটবেলা থেকেই বিটিভির সংবাদের একজন একনিষ্ঠ দর্শক। কিন্তু স্ত্রী-মেয়েরা স্টার প্লাস ও স্টার জলসা দেখার কারণে তিনি আর বিটিভির সংবাদ দেখার সুযোগ পান না। বাধ্য হয়েই তাই বিটিভি দেখতে তিনি এখন ক্যাসিনোতে।

 

v মোখলেস সাহেব সাদা ভাত, দেশি মাছ আর কচুভর্তা খেতে খুব পছন্দ করেন, কিন্তু বাসার সবাই বিদেশি আর ফাস্টফুড খাওয়ার কারণে তিনি এগুলো খাওয়া থেকে বঞ্চিত। বাধ্য হয়ে তাই তিনি এগুলো খেতে ক্যাসিনোতে।

 

v মালেক মাসুদ সুমন একজন ক্রিকেট কোচ। প্রায় প্রতিটি ক্রিকেট ম্যাচে তিনি জিততে জিততে হেরে যান। শুনেছেন ক্যাসিনোতে অনেকেই হারা ম্যাচ জিতে যায়। কিভাবে এটা সম্ভব হয়, এই অভিজ্ঞতা অর্জন করতে তিনি ম্যাচের আগের রাতে ক্যাসিনোতে গেছেন।

 

v মফিজ এই নিয়ে তিনবার অ্যাকাউন্টিংয়ে ফেল করেছে। ক্যাসিনোতে মাত্র কয়েক মিনিটে নাকি কোটি টাকার হিসাব হয়। ব্যবহারিক ক্লাসের অভিজ্ঞতা অর্জন করতে তাই সে ক্যাসিনোতে।

 

v শফিক সাহেব একজন সংগীতপ্রেমী। ক্যাসিনোতে নাকি বিভিন্ন সময়ে শিল্পীরা এসে গান পরিবেশন করেন। একজন সংগীতপ্রেমী হিসেবে গান শুনতে তাই তিনি ক্যাসিনোতে।

 

v মোতালেব ছোটবেলায় লুডু খেলতে খুব পছন্দ করতেন। এখন হঠাত্ করে তার আবার লুডু খেলার পুরোনো শখ জেগে উঠেছে। লুডু খেলার পার্টনার খুঁজতে তাই তিনি ক্যাসিনোতে।

 

v আফসার সাহেব একজন চলচ্চিত্র নির্মাতা। ক্যাসিনো নিয়ে হলিউডে অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হলেও ঢালিউডে একটিও হয়নি তাই তিনি দুঃখিত। ক্যাসিনো নিয়ে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা অর্জন করতে, তাই তিনি ক্যাসিনোতে।

 

v কদম আলী একজন শিক্ষিত বেকার। ক্যাসিনোতে অনেক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসেন। তাদেরকে

সিভি জমা দিয়ে একটি চাকরি পাওয়ার আশায় তিনি

এখন ক্যাসিনোতে।