তাদের জন্য কিছু কর্মপন্থা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৯

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের ভিসির নামে অভিযোগ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এসব ভিসিদের ঠিক করার জন্য কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে এবং তাদের দিয়ে কিছু কাজ করাতে হবে। সেগুলো জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ

v ভিসিদের ব্যবহার শেখানোর জন্য গেস্টরুমে বা হলে ডেকে এনে বিশেষ ট্রিটমেন্ট দিতে হবে। এই ট্রিটমেন্ট পাওয়ার পর ভিসিগণ গাড়ি থেকে নেমে ভিক্ষুককেও সালাম দেবে বলে ধারণা করা হচ্ছে।

v অনেক ভিসি আছে, যারা বছরে ৩৬৫ দিনের মধ্যে ২৯৩ দিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এসব ভিসির চেয়ারে সুপার গ্লু আঠা লাগায় দিলে সবসময় চেম্বারেই বসে থাকতে বাধ্য হবে।

v যেসব ভিসির নামে অর্থ আত্মসাত্ ও দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকে পদ্মাসেতুর একেকটা স্প্যান বসানোর খরচ বহন করার জন্য মানসিক ট্রেনিং দিতে হবে, যাতে এই ট্রেনিংয়ের পর ভিসিরা নিজে থেকেই পদ্মাসেতুর স্প্যান বসানোর টাকা দিয়ে দেয়। এর ফলে সরকারের অনেক টাকা বেচে যাবে।

v যেসকল ভিসির নামে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আছে, তাদের বিআরটিসি বাসের সুপারভাইজার ও বাংলাদেশ রেলওেয়ের টিকিট চেকারের দায়িত্ব দিতে হবে। এসব ভিসিগণই পারবে সবার কাছ থেকে টিকিট চেক করে ঠিকমতো টাকা উসুল করতে। লোকসানে থাকা এই দুইটি পরিবহন খাতকে এসব ভিসিগণ এক মাসের মধ্যে লাভজনক খাতে পরিণত করে দিতে পারবে।