মূল্য বাড়ুক পেঁয়াজের
পেঁয়াজ ছাড়াই রান্না হলেও—হয় না ভালো তরকারি,
হোক ঝাঁজালো, বুঝুন তবে পেঁয়াজ কেমন দরকারি?
সেই পেঁয়াজের মূল্য বেশি! আবুল ভীষণ রাগ করে,
(পারলে যেন সিন্ডিকেটের ‘মুণ্ডু’ কেটে ভাগ করে!)
কিন্তু আবুল মিয়ার বিবি! দামেই খুশি ভীষণ তো,
ভাবছে—এতদিনেই বুঝি হচ্ছে সফল মিশন তো।
দাম বেড়েছে বাড়ুক আরো নাচছে বিবি ধিনতে তা,
আবুলেরা পেঁয়াজ কেনে! পায় না যেন কিনতে তা।
এ সব শুনেই পাশের বাড়ির গরিব বিবি—ছক্কিনা,
বলছে ‘ভাবি বলছটা কী? সইব অমন ঝক্কি? নাহ্।’
দাম পেঁয়াজে বাড়লে পরে লাভ অতটা তার কোথা?
আবুল—বিবি বলল তখন তার ভেতরের সার কথা।
পেঁয়াজ নাকি জ্বালায় তাকে, বলছে বিবি সুর করে,
কর্তারা তাও পেঁয়াজ কেনেন—এমন তারা মূর্খ রে!
কাটলে পেঁয়াজ ঝাঁজে চোখে জল থাকে না চাপা রে,
মূল্য বাড়ুক; আবুলরা য্যান কিনতে পেঁয়াজ না পারে!
নকল পেঁয়াজ
ব্রত রায়
কাটতে গেলেই আসবে চোখে পানি
এই কথা তো আমরা সবাই জানি
কিনতে গেলেও এখন দু চোখ ভরে
পেঁয়াজ মানেই বড্ড পেরেশানি!
কী ক্ষতি হয় না খাই যদি ওটা?
শুকিয়ে যাব? কিংবা হব মোটা?
মোটেই না তো। মসলা আছে মেলা
বৃথাই দামের ঘোড়ার পিছে ছোটা!
গুজব আছে চায়না থেকে আসে
নকল ডিমের চালান প্রতি মাসে
এবার নকল পেঁয়াজ আসার পালা
ডিম্যান্ড যখন হয় না পূরণ চাষে!
