আহত বিএনপি নেতা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গত শনিবার প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা শরফুজ্জামান জাহাঙ্গীর ও তার ছেলে ওয়াহিদুজ্জামান রুম্মানের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সকদের পরমার্শে রুম্মানকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। জাহাঙ্গীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন। হামলার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত গুলশান থানায় কোন মামলা হয়নি। তবে জাহাঙ্গীরের নিকটাত্মীয় রফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

চিকিত্সকদের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, হামলায় জাহাঙ্গীরের বাম কানের ও কোমড়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। রুম্মান মাথায় আঘাত পেয়েছেন। জাহাঙ্গীর গত তিন দিনের চিকিত্সায় কিছুটা সুস্থ হলেও তার ছেলের অবস্থা গুরুতর। গত তিন দিনেও তার জ্ঞান ফেরেনি। রুম্মান ইংল্যান্ডে পিএইচডি করছেন জানিয়ে পরিবারের লোকজন দাবি করেন, সম্প্রতি রুম্মান দেশে এসেছে। এরপর বাবার সঙ্গে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। গোপালগঞ্জ-১ আসনে বাবার নমিনেশন নিশ্চিত হওয়ার পর তার ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল।

আহত বিএনপি নেতা জাহাঙ্গীরের বরাত দিয়ে তার স্বজনরা দাবি করেন, নির্বাচনে মনোনয়ন পেয়ে শনিবার বেলা ১১টার দিকে চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পরপরই অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের লোকজন তাদের ওপর হামলা করে। চারজন হামলাকারীকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন, সেলিমুজ্জামান সেলিম ও তার ভাতিজা বাপ্পি ও তার সহযোগী স্বপন ও কাইয়ুম মুন্সী। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এগিয়ে এলেও হামলা থেকে নিবৃত করতে পারেননি।