বিনোদন ডেস্ক
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ট্যুর বাতিল করলো আমেরিকার বিখ্যাত হেভি মেটাল ব্যান্ড ‘মেটালিকা’। আগামী ১৭ থেকে ২৯ অক্টোবর অস্ট্রেলিয়াতে পাঁচটি ও নিউজিল্যান্ডে চারটি শো ছিল তাদের। কিন্তু ভোকালিস্ট জেমস হেটফিল্ডের রিহ্যাবে যাওয়ার কারণে এমনটা সিদ্ধান্ত নেন ব্যান্ডে বাকি তিন সদস্য। ব্যান্ডের ড্রামার লারস আলরিক, গিটারিস্ট কারক হ্যামেট ও বেজিস্ট রবার্ট ট্রুজিলো টুইটের মাধ্যমে এমনটা জানান।
পাশাপাশি তাদের ভক্তদের কাছে ক্ষমা চান ব্যান্ডের সদস্যরা। জানানো হয়, যারা এই কনসার্টগুলোর টিকেট কিনেছেন তাদের সবাইকে অর্থ ফেরত দেওয়া হবে। ৫৬ বছর বয়সী জেমস হেটফিল্ড অনেকদিন ধরেই মাদকাসক্তের সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছেন। শেষ পর্যন্ত রিহ্যাবেই পাঠানো হলো তাকে। এর আগে ২০০২ সালে আরো একবার রিহ্যাবে নেওয়া হয় তাকে।
উল্লেখ্য, ১৯৮১ সালে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে শুরু হয় ‘মেটালিকা’র যাত্রা। ড্রামার লারস আলরিক স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। সেখান থেকে গঠিত হয় ব্যান্ডটি। ব্যান্ডটির প্রাথমিক লাইনআপ ছিল ড্রামসে লারস আলরিক, রিদম গিটার ও ভোকালে জেমস হেটফিল্ড, লিড গিটারে কারক হ্যামেট ও বেইজ গিটারিস্ট ছিলেন পরলোকগত ক্লিফ বারটন। বেইজ গিটারে বর্তমানে আছেন রবার্ট ট্রুজিলো।
