পরিবারের দাবি হত্যা
সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় ফারজানা (২২) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আর বাবার বাড়ির লোকজনের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি শুক্রবার রাতে সুকাশ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে ঘটেছে। নিহত ফারজানা পুলিশ কনস্টেবল রায়হানের (২৫) স্ত্রী। রায়হান জয়পুরহাট সদর থানায় কর্মরত ও নওদাপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
নিহতের ভাই সুমন বলেন, রায়হান যৌতুক হিসেবে একটি মোটরসাইকেলের জন্য তার স্ত্রীকে বারবার চাপ দিচ্ছিল এবং মাঝে মাঝে পাশবিক নির্যাতন করত। ফারজানার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, তদন্ত চলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
