উত্সবমুখর পরিবেশের মধ্যদিয়ে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন স্বতন্ত্রসহ চূড়ান্ত ৩৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার দলীয় প্রতীক আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এছাড়া জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের বাকি ৩৬জন প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ প্রতীক গ্রহণ করেছেন। ৩৮ প্রার্থীর মধ্যে ১৯টি প্রতীক বরাদ্দ করেছে রিটানিং কর্মকর্তা।
কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এক প্রতিক্রিয়ায় সুষ্ঠু ভোটগ্রহণ করা হলে তার বিজয় সুনিশ্চিত বলে দাবি করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের সর্বমোট ৫২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে নয়জনকে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে বাতিল হওয়াদের মধ্যে ছয়জন প্রার্থীতা ফিরে পেলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৯ জন। সেখান থেকে ১১ জন প্রার্থী ৯ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে মোট প্রার্থীর সংখ্যা ৩৮জন। বরিশালের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী বিধি-নিষেধ মেনে প্রচার প্রচারণা চালাতে পারবেন।
