রংপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে ইসির বিশেষ টিম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর-৩ (সদর) আসনের আগামী ৫ অক্টোবরের উপনির্বাচনে থাকছে নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ পর্যবেক্ষণ টিম।  ইসিতে নির্বাচন ‘পরিস্থিতি প্রতিবেদন’ পাঠাবেন তারা। তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বরাবরের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তারা সার্বক্ষণিক তত্পর থাকবেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান ইতিমধ্যে বিশেষ টিম নিয়োগের নির্দেশনা রংপুরের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, ভোটগ্রহণ চলাকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ করা হবে। এ কার্যক্রম ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত চলবে। এ কাজে কোনো কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদের নাম ও পদবি দ্রুত জানাতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের টেলিফোন নম্বর ও ফ্যাক্স সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে। উপনির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদ গত ১৪ জুলাই চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ১৬ জুলাই রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ১ সেপ্টেম্বর উপনির্বাচনের তপশিল ঘোষণা করে কমিশন। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর-৩ আসনটি সদর উপজেলা এবং ১ থেকে ৮ নম্বর ব্যতীত রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।