বিদায় বললেন সারাহ টেইলর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড নারীদলের উইকেটরক্ষক সারাহ টেইলর। ইংল্যান্ডের জার্সি গায়ে সব ধরনের ফর্মেটে টেইলর ২২৬টি ম্যাচে সর্বমোট ৬৫৩৩ রান সংগ্রহ করেছেন তিনি। ইংল্যান্ডের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৭ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গর্বিত সদস্য ছিলেন ৩০ বছর বয়সি সারাহ। মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হওয়ায় সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে খেলেননি। তিনি বলেন, ‘এটা আমার জন্য সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি জানি মানসিক ও শারীরিক উভয়দিক থেকেই সিদ্ধান্তটা সঠিক। এই মুহূর্তে অতীত ও বর্তমান সতীর্থদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, আমার সমর্থক ও পরিবার-বন্ধু সকলকেই এই পুরো যাত্রায় আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ইংল্যান্ডের জার্সি গায়ে এত দীর্ঘ সময় খেলাটা স্বপ্ন সত্যি হবার মতোই ঘটনা। পুরো ক্যারিয়ারে অনেকগুলো দারুণ মুহূর্ত এসেছে যা সত্যিই স্মরণীয়।’