প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা বাংলাদেশের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

আসছে ভারতীয়

নারী ‘এ’ দল

 স্পোর্টস রিপোর্টার

স্কটল্যান্ডে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে দেশে ফিরে কিছুদিন বিশ্রামে ছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। অক্টোবরের শুরুতেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হচ্ছে বাংলাদেশের মেয়েরা। ভারতীয় নারী ‘এ’ দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ‘এ’ দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় মেয়েরা।

এই হোম সিরিজ উপলক্ষ্যে চট্টগ্রামে ক্যাম্প চলছে বাংলাদেশ নারী দলের। গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় রিপোর্টিং করেন নারী ক্রিকেটাররা। ২০ সেপ্টেম্বর চট্টগ্রামে চলে যায় গোটা দল। আগামী ১ অক্টোবর থেকে সিরিজের অধীনে চলে যাবে দল। জাতীয় দলের হেড কোচ অঞ্জু জেইনের তত্ত্বাবধানে ২২ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে ক্যাম্প।

সাগরিকায় গতকাল একটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালমা-জাহানারারা। আজ ৫০ ওভারের একটি প্রস্তুতি খেলবেন নারী ক্রিকেটাররা। এরপর ১ অক্টোবর আরেকটি টি-২০ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গতকাল বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, চট্টগ্রামে আগামী ২, ৪ ও ৬ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত নারী ‘এ’ দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-২০। ১১, ১৩ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো।

হোম সিরিজের জন্য আজ-কালের মধ্যেই বাংলাদেশ নারী ‘এ’ দল ঘোষণা করা হবে। গতকাল বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, হোম সিরিজ বলে ১৪ সদস্যের দল হবে। খুব শিগগিরই আমরা দল ঘোষণা করব।

হেড কোচ অঞ্জু জেইন, ম্যানেজার জাভেদ ওমর বেলিমরা দলটা নির্বাচন করবেন। সর্বশেষ দুইটি সিরিজে নারী দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

সম্প্রতি নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বিসিবির চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তার জায়গায় দায়িত্ব নিবেন বিসিবি সভাপতির ব্যক্তিগত সহকারী তৌহিদ মাহমুদ।

ভারতের ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভালো কিছুর আশা করছেন শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আমাদের দলটাও ছন্দে আছে। হোম কন্ডিশনে খেলবে। আমরা ভারতের জাতীয় দলকেই এশিয়া কাপে হারিয়েছি। দলটাও বিভিন্ন টুর্নামেন্ট খেলছে, ক্যাম্পের মধ্যে আছে। আশা করি, ভালো কিছুই হবে।’

নতুন ক্রিকেটার তুলে আনতে বয়সভিত্তিক টুর্নামেন্টের ওপর গুরুত্ব দিতে চান উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। গতকাল তিনি বলেছেন, ‘এখন ইমার্জিং হোক, ‘এ’ দল হোক মেয়েদের খেলা চলছে। সামনে বয়সভিত্তিক পর্যায়ে খেলা শুরু হবে। আমাদের আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এসব সিরিজে ভালো-খারাপ রেজাল্ট থাকবেই। আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার আছে। তাদের অভিজ্ঞতার বিকল্প নাই। একই সঙ্গে আমরা নতুন খেলোয়াড়ও তুলে আনতে চাই।’

ভারতের বিপক্ষে এই হোম সিরিজেও বাংলাদেশ নারী দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। ওয়ানডেতে রুমানা আহমেদ ও টি-২০ তে অভিজ্ঞ সালমা খাতুনের ওপরই নেতৃত্বের দায়িত্ব থাকছে।