স্পোর্টস রিপোর্টার
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা রাঙাতে পারেননি লিটন কুমার দাস। ক্যারিয়ারে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজ টি-২০ লিগে খেলতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যান। ক্রিস গেইলের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলা লিটনের ইনিংস থেমে গেছে ২১ রানে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটনের অনুজ্জ্বল ব্যাটিংয়ের ম্যাচটা হেরে গেছে তার দলও। সেন্ট লুসিয়া জুকসের কাছে চার উইকেটে হেরে যায় জ্যামাইকা তালাওয়াস। এই হারে শেষ চারে খেলার দৌড় থেকেও ছিটকে পড়লো গেইল-লিটনদের দল। এই প্রথমবার প্লে-অফ খেলতে পারছে না দলটি।
জ্যামাইকা তালাওয়াস অবশ্য বেশ গুরুত্ব দিয়েই একাদশে রেখেছিল লিটনকে। উইকেটকিপিং না করলেও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে চারে নামেন এই বাংলাদেশি তরুণ। একটি চারে ২১ বলে ২১ রান করেছেন। কেসরিক উইলিয়ামসের স্লোয়ার তুলে মারতে গিয়ে কট এন্ড বোল্ড হন লিটন।
নিজের ইনিংস বড়ো করতে না পারলেও জ্যামাইকা তালাওয়াসের করা ৭ উইকেটে ১৬৫ রানের স্কোরে অবদান ছিল লিটনের। ৮৪ রানে দুই উইকেট পতনের পর ডোয়াইন স্মিথের সঙ্গে জুটি গড়েন তিনি। তৃতীয় উইকেটে তারা ৫৬ রানের জুটি গড়েন। গেইল ২৯, ফিলিপস ২৩, ডোয়াইন স্মিথ ৫৮ রান করেন। সেন্ট লুসিয়ার কেসরিক উইলিয়ামস তিনটি উইকেট নেন। জবাবে পাঁচ বল বাকি থাকতে ছয় উইকেটে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া জুকস। কর্নওয়াল ৫১, হার্ডাস ৩২, ফ্লেচার ১৭, ইনগ্রাম ১৭, ড্যারেন স্যামি অপরাজিত ১৬, সান্তোকি অপরাজিত আট রান করেন। ফিল্ডিংয়ে নেমে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচটিও নিয়েছেন লিটন। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএলে আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন লিটন।
