গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া শুরু হচ্ছে আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

সিলেট অফিস

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আজ রবিবার থেকে সিলেট জেলা সদরে শুরু হতে যাচ্ছে। ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারসহ চারটি ডিসিপ্লিনে সর্বমোট ৫২৮ জন প্রতিযোগী সিলেটে উপস্থিত হয়েছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য।

বালক প্রতিযোগীদের পাশাপাশি প্রত্যেক ডিসিপ্লিনে রয়েছে বালিকা প্রতিযোগী। চারটি অঞ্চলে বিভক্ত হয়ে তারা লড়াই করবে। চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট শিক্ষা উপঅঞ্চল নিয়ে বকুল অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহ উপঅঞ্চল নিয়ে পদ্ম অঞ্চল, রাজশাহী ও রংপুর উপঅঞ্চল নিয়ে চাঁপা অঞ্চল এবং খুলনা ও বরিশাল উপঅঞ্চল নিয়ে গঠিত হয়েছে গোলাপ অঞ্চল।

প্রতিযোগিতার খেলা হবে লিগ পদ্ধতিতে। যে দল সর্বাধিক পয়েন্ট অর্জন করবে সে দলকে চ্যাম্পিয়ন হিসেবে ধরে নেওয়া হবে। আজ রবিবার বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে চারদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন। পরের দিন সকাল হতে সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সূচি অনুযায়ী খেলা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ঐ দিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। চূড়ান্ত প্রতিযোগিতার বাজেট প্রায় ৫০ লাখ টাকা। গতকাল শনিবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংগঠনিক কমিটির সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মজিদুল ইসলাম। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) সাহেদুল খবির চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ, স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মো. আক্তারুজ্জামান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালাম ও তামান্না মুস্তারি এ সময় উপস্থিত ছিলেন।