চিলমারি-ঢাকা আন্তঃনগর ট্রেনের নাম হোক ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

চিলমারি-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হওয়ার ঘোষণা দেওয়া হলো। এর নাম হোক কেউ চাইছে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, কেউ ‘ব্রাদার্স এক্সপ্রেস’, আবার কেউ ‘চিলমারি এক্সপ্রেস’। তবে অনেকেই মনেপ্রাণে চাইছে নামটা হোক ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’। আমাদের এই এলাকার মানুষগুলো সারা দিন কর্মক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে যখন সন্ধ্যার পর বাড়ি ফেরে, তখন বাড়ির উঠানে কিংবা গাছের তলায় পাতা টঙে গলা ছেড়ে ভাওয়াইয়া গান গায়। এখানে ভাওয়াইয়া গান কতোটা জনপ্রিয় তা দাদা-দাদি নানা-নানির মুখে শুনলে  বোঝা যায়। তাঁদের আঞ্চলিক ভাষায় একটু বোঝার চেষ্টা করি—প্যাটের দায়ে যহন নিজের বাপের ভিডে ছাড়ি অন্য জায়গায় কামলা দিবের যায়। তহন আপন মাইনসের কথা মনে পড়লে বাড়ির বউও ভাওয়াইয়া গান শোনে—ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে/যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও রে। কত সুন্দরভাবে মনের কথাগুলো প্রকাশ করা হয় মাধুর্য মিশিয়ে। তাই এই এলাকায় চলাচল করা ট্রেনের নাম ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ রাখা হলে সেটা হবে যুক্তিযুক্ত। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।—আইসো বাহে তোমরা সবাই/এহান কতা জোরসে কবার চাই/ ট্রেনত চড়ি বেড়ামো হামরা দেশ-বিদেশ/হামার ট্রেনের নাম ভাওয়াইয়া এক্সপ্রেস!

জেলী আক্তার

রসুলপুর, কুড়িগ্রাম