দেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করেছে বিএনপি :মতিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘বিএনপি বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করেছে। তাদের নেতা তারেক রহমানের আয়ের উত্স ক্যাসিনো। লন্ডনে নানান ধরনের অপকর্মের টাকা ঢাকার একটা সুবিধা আছে। সেই সুবিধা নিয়েছে তারেক রহমান।

গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, হজের জাহাজ হিজবুল বাহারকে প্রমোদ তরিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। তিনি যুবসমাজকে বিধ্বংসী করেছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লেখেন, সেই কলম দিয়েই আবার দেশে মদ-জুয়া, হাউজির লাইসেন্স দেন। বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফিরে মদ-জুয়া নিষিদ্ধ করেন। দেশে মদের বারও ছিল না। এগুলো তো বিএনপির সংস্কৃতি। প্রধানমন্ত্রীকে ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। শেখ হাসিনা বাংলার মানুষের ভবিষ্যত্ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, দুর্নীতি, অনিয়ম, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ বা বিএনপির যেই হোক না কেন। বিএনপিই দেশে সর্বপ্রথম ক্যাসিনো-জুয়া চালু করেছিল। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা ধ্বংস করেন জিয়াউর রহমান।

ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দি রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে ৭৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।