যাদুকাটা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন

 ইত্তেফাক রিপোর্ট

সুনামগঞ্জ জেলার প্রান্তিক জনপদ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সবধরনের বোমা ও ড্রেজার মেশিন বন্ধ করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। সংগঠনের নেতারা বলেছেন, ম্যানুয়াল পদ্ধতিতে বালু ও নুড়ি পাথর তোলার সুযোগ করে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান করে দিতে হবে।

গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাদুকাটা নদীতে বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এ দাবি জানান। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এই মানববন্ধনের আয়োজন করে।

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওই উত্সমুখটি হাওর অঞ্চলের অনেক বড়ো বড়ো প্রজাতির মাছের অন্যতম প্রধান প্রজনন কেন্দ্র। তাছাড়া যাদুকাটার রূপ-সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদের কারণে সুনামগঞ্জ জেলা পেয়েছে বিশাল অর্থনৈতিক গুরুত্ব। যাদুকাটা নদীর উত্সমুখে সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে মাছের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্রই কেবল নষ্ট হচ্ছে না, বালুতে ভরাট হয়ে যাচ্ছে নদীর দুই পাশের জমি, খাল-বিল ও ডোবা-নালা। জমি হয়ে পড়ছে চাষাবাদের অনুপযোগী। এমনকি টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য হাওরেও এর প্রভাব বিস্তৃত হচ্ছে। দ্রুত বদলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। মাছসহ অন্যান্য জলজ প্রাণির উপযোগী আবাসস্থল বিনষ্ট হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বোমা মেশিনের কারণে উদ্ভূত সমস্যাগুলো তুলে ধরে বলেন, নদীর উত্সমুখে বোমা মেশিনে পাথর উত্তোলনের ফলে ইতিমধ্যে হিন্দু অধিষ্যুত কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে। নদীর পাড় ভেঙে শত শত একর জমি নদীতে তলিয়ে গেছে। কৃষিজমিতে বালুর স্তরের কারণে চাষের অনুপযোগী হয়ে যাচ্ছে। বোমা মেশিনে দুর্ঘটনার কারণে অকালে মৃত্যুবরণ করছে নিরীহ মানুষ।

মানববন্ধনে আরো বক্তব্য দেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুজা আহমেদ, কৃষক লীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, যুক্তরাজ্য যুবলীগ নেতা জাকেরী রেজা জয়, বানিপার চেয়ারম্যান প্রকৌশলী মোহম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক আতিক পূর্ণিয়া, ধর্মপাশা উন্নয়ন ফোরামের যুগ্ম সম্পাদক নির্মল দেবনাথ, সুনামগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক রাজিব কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আরিফ হাসান সায়িম ও মাহমুদ হাসান তারেক প্রমুখ।