ইত্তেফাক রিপোর্ট
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। সেই দুর্নীতি সামাল দেওয়ার শক্তি সরকার হারিয়ে ফেলেছে। যত ভাবেই বলুক না কেন তারা অভিযান চালাবে কিন্তু অভিযান সফল হবে না। অভিযান সফল করতে হলে ছাত্রলীগের শোভন-রাব্বানী আর যুবলীগের শামীম-সম্রাটদের পেছনে যে মন্ত্রী-এমপিরা আছে তাদের শনাক্ত করতে হবে। তিনি বলেন, এই সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। সেটা যদি তারা না করে, তবে এই দুর্নীতির ভারে সরকারের পতন অবধারিত।
গতকাল শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শফিউল বারী বাবু প্রমুখ।
