ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবার একজোট হওয়া জরুরি। কারণ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে আরো ক্ষোভে জ্বলে উঠতে হবে। শুক্রবার দেওয়া ভাষণে তিনি বলেন, ভারত সবসময় শান্তির পথে রয়েছে। ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।
ভাষণে লোকসভার নির্বাচনে তার ব্যাপক জয়ের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড়ো নির্বাচন হয় বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশ ভারতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমি জয়ী হয়েছি। জনগণের সেই রায় নিয়েই আমি এখানে আপনাদের সামনে। তার সরকারের সাফল্যের প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে স্বচ্ছ ভারত প্রকল্প এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বলেন তিনি। মোদি বলেন, যখন একটি সাফল্যের সঙ্গে বিশ্বের সবচেয়ে সফল স্বাস্থ্য প্রকল্প চালিয়ে যায়, মাত্র পাঁচ বছরে ১১ কোটি শৌচাগার তৈরি হয়, এটা বিশ্বের কাছে একটি অনুপ্রেরণার বার্তা দেয়।
