শিক্ষিত নারী পরিবার সমাজ ও দেশকে আলোকিত করে -------তাসমিমা হোসেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৪

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, একজন শিক্ষিত ও আদর্শবান নারী তার পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একজন শিক্ষিত ও আদর্শ মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। নারীকে অন্ধকারে রেখে কোনো জাতি উন্নতির শিখরে উঠতে পারে না। কাজেই নারীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এমন আদর্শের অনন্য দৃষ্টান্ত কুমুদিনী পরিবার।

গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা, নারীজাগরণ ও সাংস্কৃতিক চর্চার অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সাহা।

তাসমিমা হোসেন গতকাল সকালে ভারতেশ্বরী হোমসে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সম্মানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থী ও শিল্পীরা কবিতা পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা দেখে তিনি মুগ্ধ হন। সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ পুরস্কার বিতরণের পূর্বে ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত  ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি.-এর শিক্ষা পরিচালক এবং ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি.-এর পরিচালক শ্রী মতি সাহা, নারী নেত্রী ও সমাজসেবী জয়ন্তী রায়, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সাহা প্রমুখ। অনুষ্ঠানে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকগণ তাসমিমা হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় তাসমিমা হোসেন আরো বলেন, পুরুষরা সমাজ শাসন করবে আর নারীরা অন্ধকারে বসে থাকবে তা হতে পারে না। নারীশক্তি না থাকলে একজন পুরুষ সমাজকে পরিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তিনি বলেন, দানবীর রনদা প্রসাদ সাহা কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি। তিনি ভেবেছেন কীভাবে নারীকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়। তিনি কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল, মানিকগঞ্জ দেবেন্দ  কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

তাসমিমা হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকে শক্তিশালী ও সহযোগিতা করার জন্য ইত্তেফাক প্রতিষ্ঠা করেছিলেন মহান ব্যক্তি ও প্রথিতযশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া। স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামের সময় ইত্তেফাক ছিল গণমানুষের মুখপাত্র। ইত্তেফাক তার সেই নীতি ও আদর্শ থেকে আজও সরে যায়নি।