দুর্নীতির কারণে দেশে বেকার সমস্যা ভয়াবহ হয়েছে :জি এম কাদের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে জিরো টলারেন্সে দুর্নীতি কঠোর হাতে দমন করছেন-সেটাকে জাপা স্বাগত জানায়। কারণ দুর্নীতির কারণে দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। বেকার সমস্যা সমাধান করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল শনিবার বনানীতে তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।

জি এম কাদের বলেন, জাপা দেশ ও জাতির কল্যাণে এরশাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন তারই অসমাপ্ত কাজ শেষ করব আমরা। জাপা চেয়ারম্যান বলেন, এরশাদ বলেছিলেন মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি মুক্তিযোদ্ধাদের এই সম্মানে ভূষিত করেন এবং এক টাকা নামকাওয়াস্তে বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য অফিস তৈরির স্থান দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগসুবিধাও দিয়েছিলেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম ও রেজাউল ইসলাম ভূইয়া।