আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ১৬ কারখানা ছুটি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৮

সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারি গেজেট অনুযায়ী মজুরী বৃদ্ধির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্পাদন বন্ধ রেখে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ে রাস্তায় নেমে আসলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। সহিংসতা এড়াতে ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও শ্রমিকসূত্রে জানা যায়, সকালে দ্বিতীয় দিনের মতো কারখানায় প্রবেশের পর সরকার ঘোষিত গেজেট বাস্তবায়নের দাবিতে উত্পাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে তৈরি পোশাক শ্রমিকরা। এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে বুঝিয়ে কাজে যোগদান করানোর চেষ্টা করে। কিন্তু দুপুর ১২টার দিকে আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ি এলাকার এ.আর জিন্স প্রডিউসার লিমিটেড, চারাবাগ এলাকার মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড, লিলি এ্যাপারেলস, টেক্স টাউন গার্মেন্টস, এফজিএস ডেনিম গার্মেন্ট, ক্রোসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ প্রায় ১৬টি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এসময় শ্রমিকরা কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপসহ লাঠিচার্জ করলে শ্রমিকরা পিছু হটে। আহত শ্রমিকদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান বলেন, মজুরী বোর্ড কর্তৃক ঘোষিত নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এর ফলে শ্রমিকরা না বুঝেই কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। শ্রমিকরা কয়েকটি কারখানা এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।