ইমরান খানের বক্তব্যের পর কাশ্মীরে নিরাপত্তায় কড়াকড়ি, নিহত ৪

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তায় আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভারতের এনডিটিভি জানিয়েছে, জঙ্গিবিরোধী অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন। গতকাল সকালে কাশ্মীরে দু’টি ‘বন্দুকযুদ্ধ’ এবং গ্রেনেড হামলার ঘটনা ঘটে। একটি রামবান জেলায়, দ্বিতীয়টি নিয়ন্ত্রণ রেখার কাছে গেন্ডারবলে এবং গ্রেনেড হামলা হয় শ্রীনগরে। গ্রেনেডে নিহতের খবর পাওয়া যায়নি। আর পাকিস্তানি মিডিয়া ডন বলছে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার কাশ্মীরি নিহত হয়েছেন। তিনজন নিহত হয়েছেন কাশ্মীরের বাটোট মার্কেটের কাছে একটি বাড়িতে। নিরাপত্তা বাহিনী বলছে, তারা বেসামরিক নাগরিকদের জিম্মি করেছিলেন। কানগান এলাকায় পুলিশের গুলিতে আরেকজন নিহত হন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম ভাষণে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরে ইমরান খান সতর্ক করেন, কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে।