শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই বিএনপি নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পৌরশহরের জগন্নাথপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সীর ছেলে হাসানুল মারুফ শিমুল এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপির নেতা স্থানীয় বড়াইদহ গ্রামের মজিবর রহমানের ছেলে আবু হানিফ শেখকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এ ছাড়া, গ্রেফতারি পরোয়ানামূলে পৌরশহরের দ্বাড়কিপাড়া এলাকার বুলু আকন্দের ছেলে বাদশা আকন্দ, খন্দকারপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শাহীন আলম, উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের ওসমান গণির ছেলে আল আমিন, একই ইউনিয়নের কাফুড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজু আহম্মেদ, আজম আকন্দের ছেলে মোহাম্মদ আলী ও চকপাথালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরন্নবী খানকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গেল ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নে চণ্ডিপুর গ্রামস্থ বিএনপির আঞ্চলিক কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় বিএনপির ওই আঞ্চলিক কার্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। আর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি ছয়জনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গত রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
চট্টগ্রামে জামায়াত ও স্বেচ্ছাসেবক
দলের ২ নেতা গ্রেফতার
চট্টগ্রাম অফিস :নগরীর বাকলিয়া এলাকায় গত রবিবার অভিযান চালিয়ে পুলিশ স্বেচ্ছাসেবক দল ও জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জামায়াতের চকবাজার থানা শাখার সাবেক নায়েবে আমির মো. জহির উদ্দিন (৫৮) ও বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সিকান্দর আলম (৫৩)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কয়েকটি নাশকতা মামলা রয়েছে।
