সিগারেট এনে না দেওয়ায় বগুড়ায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফ মোরশেদ প্রলয়ের নির্দেশ মেনে সিগারেট এনে না দেওয়ায় রাকিবুল হাসান হূদয় (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রলয়ের সহযোগী তালহাকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হূদয় বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে। সে সরকারি শাহ্ সুলতান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। হূদয় প্রি-টেস্ট পরীক্ষা শেষে সরকারি শাহ সুলতান কলেজ থেকে বের হন। এ সময় কলেজের প্রধান ফটকের বিপরীতে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে শাজাহানপুরের কৈগাড়ি পূর্বপাড়ার ফারুক মোরশেদের ছেলে বগুড়া শহর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মারুফ মোরশেদ প্রলয় সহযোগীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হূদয় ওইদিক দিয়ে বাড়িতে ফেরার সময় প্রলয় তাকে ডেকে সিগারেট আনতে বলে। হূদয় সিগারেট আনতে অপারগতা প্রকাশ করলে প্রলয় ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে সে তার কাছে থাকা ছুরি দিয়ে হূদয়ের বুকে আঘাত করে পালিয়ে যায়। পথচারীরা হূদয়কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে স্বজনরা বিকালে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার দিকে রওনা হন। রাতে টাঙ্গাইল পার হওয়ার পর হূদয় মারা যান।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, প্রলয় শহর স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য প্রলয়ের সহযোগী তালহাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।