বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা সপ্তাহ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

মহান বিজয় দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ১০ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে।

উক্ত সেবা সপ্তাহে দেশের সকল কমিউনিটি ক্লিনিক শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মাসহ জনসাধারণের রক্তের গ্রুপ পরীক্ষা, সকল জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনন্দিন সেবার পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিত্সা সেবা প্রদান ও বিশেষায়িত হাসপাতালসমূহে বিশেষ সেবা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা, উপজেলা ও কমিউনিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেছেন। এছাড়া জনসচেতনতা তৈরির মাধ্যমে এই বিশেষ সেবা সপ্তাহকে সাফল্যমণ্ডিত করার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি