কূটনৈতিক জ্ঞান, আন্তর্জাতিক ও রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘসহ সমকালীন নানা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস মডেল ইউনাইটেড নেশন (বিইউপিমুন) আয়োজন করে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন।
১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বিইউপি মিলনায়তনে পর্দা ওঠে এই আয়োজনের। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মেলনের সেক্রেটারি জেনারেল রেজাজ আহমেদ রাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল সিদ্দিকুল রহমান শিকদার, বিএসপি, এনডিসি, পিএসসি, ডিন, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রেটেজিক স্টাডিজ। আরো উপস্থিত ছিলেন বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান রবিউল আলম, এআইএসইসি’র প্রেসিডেন্ট সৌরভ কুমার, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট অফিসার সিদ্ধার্থ ঘোস্বামী প্রমুখ।
দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪শ’ শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করে। ফলে এটি শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়, যা আন্তর্জাতিক বিষয়াবলি ও শিক্ষার টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মনন ও মেধার এক অসামান্য সংযোগ স্থাপন করে।
১৪ সেপ্টেম্বর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ৪টি বিভাগে মোট ৫৪টি পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তাওহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আবুল কাশেম মজুমদার।
মডেল ইউনাইটেড নেশনস যা মডেল ইউ এন বা মুন নামে পরিচিত। আধুনিক শিক্ষাব্যবস্থায় মুন অতি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কূটনীতি ও কূটনৈতিক সম্পর্ক এবং জাতিসংঘ ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘মানবিক সঙ্কট মোকাবেলা এবং প্রত্যাবাসনের জন্য টেকসই নিশ্চিত করা।’ এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
