আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার অর্জনকারীরা হলেন ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ রোবটিকস প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বের মধ্যে ষষ্ঠস্থান অর্জনকারী আইইউবি’র ‘টিম অ্যাটেনডেন্ট’র সদস্যরা; ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইউনাইটেড এশিয়া ডিবেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী আইইউবি ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাজ্যের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির ‘হোয়াইটলি অ্যাওয়ার্ড’ প্রাপ্ত শাহরিয়ার সিজার রহমান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও উত্তরীয় পরিয়ে দেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ইএসটিসিডিটি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান রাশেদ চৌধুরীসহ অন্য ট্রাস্টিবৃন্দ, আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে মতিন চৌধুরী বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে এ ধরনের অর্জনের স্বীকৃতি দিতে পারা আরও গৌরবের। আব্দুল হাই সরকার তার বক্তৃতায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ অর্জন শুধু আইইউবি’র নয় বরং সারাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। আইইউবি’র প্রগতিশীল ও অনন্য পাঠ্যসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য অর্জন করছে বলে উল্লেখ করেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
