স্পোর্টস ডেস্ক
দেশের স্পিনারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তিনি এই ব্যাপারে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্তব্য করেছেন যে, পাকিস্তানে এখন তার মানের কোনো স্পিনারই নেই।
ফয়সালাবাদে জন্ম নেওয়া এই স্পিনার বর্তমান সময়ের পাকিস্তানি স্পিনারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা ভালোমানের স্পিনার গড়ে তুলতে পারছি না। আর এ কারণে আমাদের ব্যাটসম্যানরাও এখন স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারেন না। আগে আমাদের স্পিন আক্রমণ প্রতিপক্ষের ওপর চড়াও হত। আমাদের ব্যাটসম্যানরা স্পিনারদের শাসন করে রান বের করে আনতেন। এখন আর সেসব হয় না। বরং হয় উলটো।’
আজমল মনে করেন একমাত্র ইয়াসির শাহ বাদে অন্য কোনো স্পিনারেরই এখন পাকিস্তান দলে খেলার যোগ্যতা নেই। বললেন, ‘আমি মনে করি কেবল ইয়াসির শাহই ব্যতিক্রম। ওরই কেবল পাকিস্তান দলে খেলার যোগ্যতা আছে। বাকিদের কেউই বড়ো পরিসরের ক্রিকেটে যোগ্য নয়। শাদাব খান, জাফর গহর বা মোহাম্মদ নাওয়াজরা কেবল সংক্ষিপ্ত ফরম্যাটে চলনসই।’
৪২ বছর বয়সি আজমল সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের হয়ে খেলেন। তার দাবি তিনি পিসিবি থেকে যথাযথ সমর্থন পাননি। তিনি বলেন, ‘বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার সময় পিসিবি আমাকে যথাযথ সমর্থন করেনি। দুর্ঘটনার কবলে পড়ে আমাকে হাত বাঁকাতে হতো। ওটা ঠিক করার কোনো উপায়ই ছিল না। পিসিবি আমাকে সমর্থন করেনি কোনোভাবে। তারা বারবার আমাকে অ্যাকশন পালটানোর জন্য জোর দিতে থাকে। অথচ, ঐ সময় তাদের আরেকজন সাঈদ আজমল ছিল না। বলা উচিত, তাদের এখনো সাঈদ আজমলের মতো কেউ নেই।’
