জয়ে উজ্জ্বল নেইমার-রোনালদো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

পিএসজি ১-০ বোর্দো

জুভেন্তাস ২-০ স্পাল

 

  স্পোর্টস ডেস্ক

গেল বছরের বাজে ফর্মটাকে ধীরে ধীরে পেছনে ফেলতে শুরু করেছেন নেইমার। গত শনিবার রাতে তার একমাত্র গোলেই বোর্দোকে হারিয়েছে শিরোপাধারী পিএসজি। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোও দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। স্পালের বিপক্ষে জুভেন্তাসের ২-০ জয়ে শেষ গোলটি করেন তিনি। পিএসজির শেষ দুটি জয়েও ছিল নেইমারের বড়ো অবদান। স্ট্রাসবুর্গ আর লিওঁর বিপক্ষে জয় এসেছিল তার দুটি গোলেই। ফরাসি লিগে এই খেলায় আবারও কিলিয়ান এমবাপেহীন দলের ত্রাতা ছিলেন তিনি। ৭০তম মিনিটে নেইমারের গোলই ফরাসি চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করে।

ইউরোপীয় দলবদলে ব্রাজিলীয় এই তারকা বার্সেলোনায় ফিরতে মরিয়া ছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতার অভাবে হয়নি এ দলবদল। কিন্তু সে সবের রেশ ঝেড়ে ফেলে নেইমার এখন পিএসজিতেই মনোযোগী। জানালেন দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি তিনি। নেইমার খেলা শেষে বলেন, ‘পিএসজিকে সাহায্য করতে পেরে আমি দারুণ খুশি। ভক্তদের সমর্থন পেলে আরো ভালো লাগে। এটা অনেকটা আপনার প্রেমিকার মতো, কখনো কখনো কিছুটা খারাপ সময় আসে কিন্তু আলিঙ্গন আর ভালোবাসার মাধ্যমে সেটাকে ভালোতে পরিণত করতে হয়। পিএসজির জন্যে মাঠে আমি আমার জীবন দিয়ে দেব।’

রোনালদোও ইতালিতে দলের জয়ে বড়ো ভূমিকা পালন করেছেন। এদিনের খেলার ৭০তম মিনিটে তার দুর্দান্ত হেডে ২-০ গোলের জয় নিশ্চিত হয় জুভেন্তাসের। স্পালের বিপক্ষে ম্যাচটিতে প্রথমার্ধে মিরালেম পিয়ানিকের গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দলটি। এই জয়ের ফলে ইন্টার মিলানের সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান অক্ষুণ্ন রাখলো জুভেন্তাস। দিনের শুরুর ম্যাচে সাম্পাদোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ লিগ ম্যাচে জয় তুলে নিয়েছিল ইন্টার মিলান। তবে জুভেন্তাস কোচ মাউরিজিও সারি এদিন জানান ইন্টারের এমন পুনরুত্থান নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না তিনি।

কোচ সারির ভাষ্য, ‘আসলে আমি চলতি মৌসুমে ইন্টার মিলানের একটি ম্যাচও দেখিনি। বরং যারা আমাদের পরবর্তী প্রতিপক্ষ তাদের ওপরই পরিপূর্ণ মনোনিবেশ করি আমরা। আজ রাতে আমরা বেয়ার লেভারকুসেনের কয়েকটা ম্যাচ দেখে রাতের খাবার খেতে যাবো।’

চলতি মৌসুমে লিগটা আরো ভারসাম্যপূর্ণ হবে, অভিমত সারির। তিনি বলেন, ‘আমি শুনেছি ইন্টার ভালো খেলছে। তাদের যেমন খেলোয়াড় ও কোচ আছে, তাদের এমন পারফর্মেন্স নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি সবসময়ই বলেছি, বিগত বছরগুলো থেকে চলতি মৌসুমটা আরো বেশি ভারসাম্যপূর্ণ হবে।’