যুব দলের নিউজিল্যান্ড সফর
স্পোর্টস রিপোর্টার
প্রস্তুতি ম্যাচে বিশাল জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল সেই ধারা ধরে রেখেই সিরিজের প্রথম ওয়ানডেতে ছয় উইকেটের বড়ো ব্যবধানে জিতলো আকবর আলীর দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
আগে ব্যাট করে ৪৮ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। জবাবে ১১.২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই প্রথম আঘাত করেন শরিফুল ইসলাম। তুলে নেন ওপেনার মারিউর উইকেট। এরপর জোহরাব, অ্যানসেল ও হোয়াইট তিনটি ছোটো ছোটো স্কোর করে চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু বাংলাদেশি বোলাররা সে সুযোগ দেননি। ৫৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
লেলম্যানকে নিয়ে একটা জুটি করার চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক বিজে পোমার। দুই জনকেই ফেরত পাঠান শরিফুল। তিনি ৪৪ রানে তুলে নেন তিন উইকেট। আর শেষদিকে দুই উইকেট নেওয়া মৃত্যুঞ্জয়ও নেন মোট তিন উইকেট।
১৭৭ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব ভালো হয়নি। দুই রান করেই রানআউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর মাহমুদুল হাসান জয় ও আরেক ওপেনার তানজিদ হাসান ২৮ রান করে করেন। তৌহিদ হূদয় ২৬ ও শাহাদাত হোসেন ২৪ রান করে ফেরেন।
তৌহিদ ও শাহাদাতকে নিয়ে জয়ের পথে সহজে হাঁটার কাজটা করেন মূলত অধিনায়ক আকবর আলী নিজেই। তিনি শেষ পর্যন্ত ৬১ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৮ ওভারে ১৭৬ /১০ (পোমার ৪০, হোয়াইট ৩০, আনসেল ২৪, লেলম্যান ২১; মৃত্যুঞ্জয় ৩/২১, শরিফুল ৩/৪৪, শামীম ২/৪২, রাকিবুল ১/২৫, সাকিব ১/৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৮.৪ ওভারে ১৮০/৪ (আকবর আলী ৬৫*, তানজিদ ২৮, মাহমুদুল ২৮, তৌহিদ ২৬, শাহাদাত ২৪; ট্যাশকফ ২/৩৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ছয় উইকেটে জয়ী।
