আবার বাংলাদেশে এমার্জিং এশিয়া কাপ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

  স্পোর্টস রিপোর্টার

২০১৭ সালে বাংলাদেশ ছিল এই এমার্জিং এশিয়া কাপের আয়োজক। গত বছর এই টুর্নামেন্টটির যৌথ আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। এবার আবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার উঠতি ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট। ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা।

দুটি গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। অন্য দিকে ‘বি’ গ্রুপে লড়বে স্বাগতিক বাংলাদেশ, ভারত, হংকং ও আরব আমিরাত। এর মধ্যে টেস্ট খেলুড়ে দলগুলোর অনূর্ধ্ব-২৩ দল এবং বাকি দলগুলোর মূল জাতীয় দল অংশ নেবে টুর্নামেন্টে।

২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল মিরপুরে অনুষ্ঠিত হবে।