সরাইলে নদী ভরাট করে চলছে বালু ব্যবসা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

জুলকার নাঈন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস সেতুর ১০০ মিটারের মধ্যে পাকশিমুল এলাকায় নদী ভরাট করে চলছে বালির ব্যবসা। এতে নদীর প্রবাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে মাছের অবাধ বিচরণও বিনষ্ট হচ্ছে। স্থানীয়রাও পণ্য উঠানামা করতে পারছেন না।

সরেজমিনে জানা গেছে, পাকশিমুল এলাকায় গত পাঁচ বছর ধরে তিতাস নদে ভরাট করে বালির ব্যবসা করে আসছেন প্রভাবশালী আকবর আলী। তিনি পাকশিমুল গ্রামের বাসিন্দা। আকবর আলী এখানে বালির ব্যবসা করার জন্য নদীর প্রায় এক একর জায়গা দখলে রেখেছেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে এখানে স্তূপ করা হয়। এতে এক দিকে নদীর পানির প্রবাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে নদীর নানা প্রজাতির মাছের অবাধ বিচরণও বিনষ্ট হচ্ছে। স্থানীয়রাও নানা পণ্য উঠানামা করতে জায়গাটি ব্যবহার করতে পারছেন না।

আকবর আলী এ ব্যাপারে বলেন, ‘যেখানে বালির ব্যবসা করছি, এর সামনের অংশটি পরিত্যক্ত আর পেছনের অংশ ব্যক্তি মালিকানাধীন। এখন তো আর নৌকা ঘাট নেই। এ ছাড়া এতে নদী দিয়ে নৌকা চলাচলে কোনো সমস্যা হচ্ছে না, লোকজনেরও কোনো সমস্যা হচ্ছে না।’

 পাকশিমুল ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সোহরাব হোসেন বলেন, আকবর আলী যেখানে বালির ব্যবসা করছেন সে জায়গাটি নদের এবং ব্যক্তি মালিকানাধীন পড়েছে। নদী দখলের অভিযোগে ঐ ব্যক্তিকে বারবার নোটিশ করেছি, গত বছর উচ্ছেদও করেছি, তাকে সরানো যাচ্ছে না।      

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বলেন, ‘এ ব্যাপারে শিগিগর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’