শিক্ষার্থীদের সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা
চট্টগ্রাম অফিস
নিরাপদ খাদ্যবিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক এক অনুষ্ঠান গতকাল রবিবার নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, নিরাপদ খাদ্য আমাদের সাংবিধানিক অধিকার। দেশের মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ খাদ্যে যারা ভেজাল মেশাবে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করার জন্য আগামীতে প্রতি জেলায় একটি করে মডেল উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় নিরাপদ খাবারের দোকান করা হবে।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক আবু সাঈদ মো. নোমান, উপসচিব সমীর কুমার বিশ্বাস ও কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রহমান। মাল্টিমিডিয়ার মাধ্যমে নিরাপদ ও অনিরাপদ খাদ্যবিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপসচিব সমীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে নিরাপদ খাদ্যবিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
