সভাপতি নুরুল আলম, সম্পাদক নুরুল আমিন
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উত্সবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ১ হাজার ৫০০ সদস্যের মধ্যে ১ হাজার ৩৩৪ জন সদস্যের ভোটে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও পরিচালক (সদস্যসহ) মোট ১২টি পদে ভোট হয়। উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও দীর্ঘ ভোট গণনা শেষে রাত ৩টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় বলে জানান চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আবদুল মান্নান। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে নুরুল আলম সিকদার, সহসভাপতি পদে আলী মোহাম্মদ কাজল, সম্পাদক পদে নুরুল আমিন জনি। সম্পাদকীয় পদ ছাড়াও সমিতির পরিচালক (সদস্য) পদে আবদুল আজিজ, হাফেজ আহমদ, জসিম উদ্দিন টিটু, আহমদ আলী মাঝু, মোহাম্মদ ইছহাক, আলী আকবর, কুতুব উদ্দিন, এ এইচ এম পারভেজ প্রকাশ মামুন ও আবু তাহের নির্বাচিত হন।
