তিন হোমিওপ্যাথি ওষুধের দোকানকে জরিমানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি হোমিওপ্যাথি ওষুধের দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি দোকানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বসুরহাট বাজারে জিয়াউল হক মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ন্যাশনাল হোমিও হলকে ২০ হাজার টাকা ও সিলগালা এবং নিত্যানন্দ মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সংবাদ পেয়ে অন্যান্য হোমিও হলের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, এদের অনেক দোকানে বৈধ কাগজপত্র না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ার কারণে এসব হোমিও হলে জরিমানা ও সিলগালা করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বসুরহাট বাজারের রফিক হোমিও হল থেকে স্পিরিট খেয়ে ছয় জনের মৃত্যু হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়।