চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাওনা মাত্র পাঁচ টাকার জন্য চাটমোহরে এক শিশুর শরীরে ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেছে এক কিশোর।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। অ্যাসিডদগ্ধ শিশু শরিফুল ইসলাম (১২) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অভিযুক্ত কিশোর মনি হোসেন (১৭) একই ইউনিয়নের সোনাবাজু গ্রামের রতন আলীর ছেলে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, শরিফুলের কাছে মাত্র পাঁচ টাকা পেত মনি। সেই টাকা না দেওয়ায় মনি হান্ডিয়াল বাজারের একটি ডেকোরেটরের দোকানের সামনে ঐ দোকানের ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে শরিফুলের শরীরে। এতে শরিফুলের মাথা ও ঘাড়ের সামান্য অংশ ঝলসে গেছে। পরে শিশুটিকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শরিফুলের পাশে থাকা অপর এক শিশু রতন (১৩) এর জামায় অ্যাসিড পড়লে পুড়ে যায়।
পুলিশ জানায়, অভিযুক্ত মনিকে আটকের চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. স ম বায়েজীদ-উল ইসলাম বলেন, ব্যাটারির অ্যাসিডে শরিফুল সামান্য দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
