নাটোরে নদী বাঁচাতে মানববন্ধন-স্মারকলিপি প্রদান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

নাটোর প্রতিনিধি

বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দূষণ ও দখলের হাত থেকে নদী বাঁচাতে নাটোরে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ১৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

কালেক্টরেট ভবন চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম প্রমুখ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শরীফুন্নেছা স্মারকলিপি গ্রহণ করে বলেন, প্রশাসনিক উদ্যোগ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবৈধ দূষণ ও দখলের হাত থেকে নদীগুলোকে রক্ষা করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সক্ষম হব।