দৌলতপুরে নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

ফারাক্কা অববাহিকায় পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর নদীর দুই পাড়ে পানি বেড়ে যাওয়ায় আবাদি জমি ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানিয়েছেন, পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩৭টি গ্রাম তলিয়ে গেছে। রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ১৬০০ হেক্টর জমির আমন ধান, মাষকলাই ও বাদাম বীজতলা তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজগর আলী জানান, পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২০০ পরিবারকে এরই মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আরো ২ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।