ঢাকা-মাওয়া-শিমুলিয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে প্রাইভেটকার ও রড বোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত ও গাড়ির চার আরোহী গুরুতর আহত হয়েছেন। লৌহজং থানার ওসি মো: মনির হোসেন জানান, সোমবার ভোরে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে শিমুলীয়াঘাটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির চালকের আসনে বসা ফুয়াদ (৪০) নিহত হন। তিনি আমেরিকা প্রবাসী এবং বর্তমানে ঢাকার উত্তরার বাসিন্দা। আহত হন সামিউল (৪৫), খাদিজা আক্তার (৩৮), মোঃ রাসেল (৪০) ও নাইমা আক্তারকে (৪২) প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ তারা সকলেই বন্ধু। ঢাকা থেকে পদ্মা পাড়ে বেড়াতে এসেছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ইউনিট কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, তাত্ক্ষণিক খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে আসে। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ ১ কিঃ মিঃ যানজট সৃষ্টি হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের ইউনিট ও নিকটস্থ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কারটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফুয়াদ আমেরিকা প্রবাসী। সেখানে তার স্ত্রী রয়েছেন। তবে বছর দুই যাবত্ তিনি দেশে এসে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছিলেন। বিকালে উত্তরার বাসা থেকে বের হওয়ার সময় বলে আসেন তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরুচ্ছেন। পরে ভোরে খবর আসে এই দুর্ঘটনার।
ট্রাকটি পুলিশ আটক করেছে, তবে চালক পালিয়েছে। ট্রাকে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ট্রাকের গায়ে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেটিও সঠিক নয় বলে পুলিশ মনে করছে। নিহত ফুয়াদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
