মুজিববর্ষে ১০০ পাউন্ডের কেক বানাবে পর্যটন করপোরেশন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

মুজিববর্ষে ১০০ পাউন্ডের কেক তৈরি করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ এই কেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মুজিববর্ষে পর্যটন করপোরেশন তাদের হোটেল-মোটেলে ছাড়সহ বছরব্যাপী নানা ট্যুর প্যাকেজ পরিচালনা করবে। এছাড়া হালাল ট্যুরিজমকে উত্সাহ দিতে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে হালাল খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বিমানের ভুয়া টিকিট বুকিংয়ের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর নামের তালিকা দেওয়ার সুপারিশ করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া দেশি-বিদেশি পর্যটকদের চাহিদার গুরুত্ব দিয়ে পর্যটনকে আরো আকর্ষণীয় ও যুগোপযোগী করে গড়ে তুলতে সুপারিশ করেছে। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেকউল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।