পুলিশের ওপর হামলা
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবির সদস্য ফরিদ উদ্দিন রুমি। এছাড়া সংগঠনটির সদস্য মিশুক খান মিজানের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফরিদ উদ্দিন রুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিশুক খান ওরফে মিজান একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চার দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তাদের আদালতে হাজির করে পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দিন রুমির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আশেক ইমান তার জবানবন্দি রেকর্ড করেন। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
অপর দিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিশুক খান মিজানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ সেপ্টেম্বর মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী চার দিন করে রুমি ও মিশুকের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
