ভাসানটেকে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

মিরপুর ১৪ নম্বর সেকশন থেকে ভাসানটেক মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। গতকাল রবিবার ১২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম ও মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানের সময় ৩ শতাধিক সেমিপাকা, অস্থায়ী দোকান, কাঠের স্থাপনা, ফুটপাতের ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের মধ্য দিয়ে ৩০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় কামরুল ইসলাম নামে এক বাঁশ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।