ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জাহিদুল খাঁ হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল আদালতের বিচারক মো. সেলিম মিয়া এই আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে আকাশ, একই গ্রামের কামাল শেখের ছেলে সাইফুল শেখ, কিতাব আলির ছেলে হাসেম শেখ, শোভা খাঁর ছেলে জাহিদ খাঁ, মৃত আলিম ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুর কোতোয়ালি থানার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জাহিদুল খাঁ ২০১৪ সালের ২১ ডিসেম্বর ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের বাড়িতে গিয়ে সহযোগীদের সঙ্গে তাস খেলেন। খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোন্দল শুরু হলে ঐ পাঁচ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলকে আহত করে ফেলে রেখে যায়।
পরদিন দুপুরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বাদী হয়ে ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানায় ঐ পাঁচ জনকে আসামি করে মামলা করলে শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক গতকাল এ রায় ঘোষণা করেন।
