অপহূত স্কুলছাত্রী উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় অপহরণকারী কলেজ ছাত্রলীগ সম্পাদক হাসান আহমদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহূতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘি সংলগ্ন এলাকায় পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, গ্রেফতারকৃত হাসান আহমদ ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে রবিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত হাসান আহমদ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাল্লরপার গ্রামের আব্দুর রকিবের ছেলে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ রোড থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনায় হাসান আহমদসহ পাঁচজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।
