শুধু ক্যাসিনো নয়, আইন ভঙ্গকারী সবার বিরুদ্ধে এই অভিযান :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সবার বিরুদ্ধে এই অভিযান।  তিনি বলেন, যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল রবিবার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদেরকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই আমরা জনপ্রতিনিধি বা কর্মচারী যিনিই অন্যায় করবেন তাকেই আইনের মুখোমুখি করব।

এর আগে আগে  স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক  বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে প্রধান অতিথি তিনজন কৃতী  প্রশিক্ষণার্থী ও কর্মকর্তার মধ্যে পুরস্কার বিতরণ করেন। রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার এবং আমিনুল ইসলাম চৌকস  প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন।