মোবাইল ফোন কারখানা থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অন্যান্য সামগ্রী আটক করেছে। গতকাল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি মোবাইল কারাখানায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।
তিনি বলেন, বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড একটি মোবাইল কারখানা। এটি বিদেশি প্রতিষ্ঠান। মোবাইল ফোন কারখানার কাঁচামালের সঙ্গে মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে চাইনিজ ক্যাসিনো সামগ্রী (জুয়ার বোর্ড—মাহাজং) আমদানি করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক শামীমা আক্তারের নেতৃত্বে একটি গোয়েন্দা দল অভিযান চালায়। এসময় কারখানা থেকে উদ্ধার করা হয় ক্যাসিনো সামগ্রী।
ড. সহিদুল ইসলাম বলেন, যদিও ক্যাসিনো সামগ্রী তথা মাহাজং মোবাইল ফোন উত্পাদনের কোন কাঁচামাল নয়। তা সত্ত্বেও আমদানিকালে মিথ্যা ঘোষণা দিয়ে এটিভি অব্যাহতি সুবিধা নিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, হংকং ও ম্যাকাওয়ের ক্যাসিনোতে গ্যাম্বলিং (জুয়া)-এর জন্য মাহাজংয়ের বহুল প্রচলন রয়েছে। বাংলাদেশে এরূপ বেশকিছু ক্যাসিনো সামগ্রী (মাহাজং) আমদানির বিষয়টি কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
